বিবাহকালীন প্রার্থনা (#8450)

তিনি পরম দয়ালু, সর্ব বদান্যতাপূর্ণ।
	সকল প্রশংসা ঈশ্বরের জন্য, তিনি প্রাচীন, তিনি চিরস্থায়ী অপরিবর্তনশীল, শাশ্বত-সনাতন। তিনি যিনি নিজের সত্তায় সাক্ষ্য প্রদান করিয়াছেন যে, তিনি, সত্য সত্যই, একক, অদ্বিতীয়, অব্যাহত, পরম মহিমান্বিত। আমরা সাক্ষ্য দিতেছি  যে, সত্যই তিনি  প্রভু ব্যতীত অন্য উপাস্য নাই। আমরা তাঁহার একত্ব স্বীকার করিতেছি, তাঁহার অদ্বিতীয়ত্ব মানিয়া লইতেছি। তিনি চিরকালই অনধিগম্য উচ্চতাসমূহে বাস করিয়াছে, তাঁহার উচ্চতার চুড়াসমূহে, তিনি ব্যতীত অন্য কিছুরই উল্লেখ হইতে তিনি পবিত্র, তিনি ব্যতীত অন্য যে কাহারও বর্ণনা হইতে তিনি মুক্ত।
	এবং যখন তিনি মানবের প্রতি অনুকম্পা ও দয়া প্রদর্শন করিতে এবং পৃথিবীকে নিয়ম ও শৃংখলায় আনয়ন করিতে ইচ্ছা করিলেন, তখন তিনি ধর্ম-কর্মের আনুষ্ঠানিক কার্যসমূহ প্রকাশ করিলেন এবং আইন কানুন সৃষ্টি করিলেন, তাহাদের মধ্যে তিনি বিবাহের আইন বিধিবদ্ধ করিলেন, ইহাকে মানবের উন্নতি ও মুক্তির জন্য একটি দূর্গ সদৃশ করিলেন এবং তাঁহার পরম পবিত্র গ্রন্থে যাহা পরম পবিত্র স্বর্গ হইতে অবতীর্ণ করা হইয়াছিল, আমাদের প্রতি এই আদেশ দেওয়া হইয়াছিল। তিনি বলেন, তাঁহার মহিমা অতি শ্রেষ্ঠ, ‘‘হে লোক সকল তোমরা বিবাহ কর, যেন তোমাদের মধ্য হইতে এইরূপ এক সন্তান আবির্ভূত হইতে পারে যে আমার সেবকদের মধ্যে আমাকে স্মরণ করিবে, তোমাদের প্রতি আমার আদেশগুলির মধ্যে ইহা একটি আদেশ, ইহা মানিয়া চল, যেন ইহা তোমাদের জন্য একটি সহায়তা স্বরূপ হয়।’

-Bahá'u'lláh
-----------------------

বিবাহকালীন প্রার্থনা (#8451)

তিনিই ঈশ্বর! হে অতুলনীয় পরম প্রভু। তোমার সর্বশক্তিমান বিজ্ঞতায় তুমি জাতিসমূহের প্রতি বিবাহের আদেশ প্রদান করিয়াছ, যেন এই বর্তমান জগতে লোক বংশ পরম্পরাক্রমে, এক অন্যের অনুগামী হইতে পারে এবং যেন সর্বদা, যতদিন এই পৃথিবী স্থায়ী থাকিবে, তাহারা তোমার একতার প্রাঙ্গনে, তোমার সেবায় ও উপাসনায়, অভিবাদন, ভক্তি-আরাধনা ও প্রশংসায় রত থাকিতে পারে। “আমি জিন ও মানবকে (আর কিছুর জন্য) সৃষ্টি করি নাই কেবল (এই জন্য) যেন তাহারা আমার উপাসনা করে” (কোরআন ৫১-৫৬)। অতএব  হে আল্লাহ্ !) তুমি তোমার করুণার স্বর্গে তোমার প্রেম-ভালবাসার নীড়ের এই দুইটি পক্ষীকে বিবাহ বন্ধনে আবদ্ধ কর এবং তাহাদিগকে চিরস্থায়ী অনুকম্পা আকর্ষণ করিবার উপায়স্বরূপ কর যেন প্রেমের এই দুইটি সাগরের মিলন হইতে দয়াশীলতার তরঙ্গ উত্থিত হইতে পারে এবং জীবন-সমুদ্রতটে পবিত্র ও সুন্দর সন্তান-সন্তুতি রূপ মুক্তাসমূহ নিক্ষেপ করিতে পারে। “তিনি দুইটি সমুদ্র মুক্ত ও প্রবাহমান করিয়া দিয়াছেন, যেন তাহারা পরস্পর মিলিত হয়; তাহাদের উভয়ের মধ্যে একটি প্রতিবন্ধক রহিয়াছে, যাহা তাহারা অতিক্রম করিতে পারেনা। তোমরা, তবে, তোমাদের পরম প্রভুর বদান্যতাসমূহের মধ্য হইতে কোন্ বদান্যতা অস্বীকার করিতেছ? তাহাদের প্রত্যেকটি হইতে তিনি মুক্তা ও মনিসমূহ বহির্গত করিয়া থাকে।”  (কোরআন ৫৫-১৯-২২)
	হে পরম দয়ালু প্রভু! তুমি এই বিবাহ-বন্ধনকে এইরূপ আশীষ প্রদান কর যেন ইহা প্রবাল ও মুক্তাসমূহের জন্মদান করিতে পারে। তুমি সত্যই সর্বশক্তিমান, পরম মহিয়ান, চির-ক্ষমাশীল।

-`Abdu'l-Bahá
-----------------------

